পৃথা দাশগুপ্ত,কলকাতা:বারুইপুরের ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তায় জোর দিল প্রশাসন। সূর্যপুর এলাকায় এবার তৈরি হবে নতুন ফাঁড়ি। সিদ্ধান্ত নিল বারুইপুর জেলা পুলিশ। সুবিধা হবে এলাকার বাসিন্দাদের। অভিযোগ জানাতে আর বারুইপুর যেতে হবে না তাঁদের। পুলিশ ফাঁড়িতেই লিখিত অভিযোগ জানাতে পারবেন তাঁরা। বাড়বে অফিসার ও পুলিশ কর্মীর সংখ্যা। এতদিন সূর্যপুরে একটি ক্যাম্প ছিল। কিন্তু অভিযোগ জানাতে প্রায় ১০ কিমি দূরে বারুইপুর থানায় যেতে হত। এখানে ফাঁড়ি হলে উপকৃত হবেন স্থানীয়রা।
সূর্যপুরে নতুন ফাঁড়ির জন্য ইতিমধ্যেই জমির খোঁজ চালানো শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে মঙ্গলবারে নির্যাতিতার পরিবার সূর্যপুর এলাকায় একটি পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছিলেন। সেই দাবি জানানো হয় স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে। প্রাথমিকভাবে ঘর ভাড়া নিয়ে আউটপোস্টের কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কারণ জমি দেখে সেখানে আউটপোস্ট করা সময় সাপেক্ষ। মুখ্যমন্ত্রী বলার পরেই সেই কাজ বাস্তবায়নের পথে।
সূর্যপুরে একটি ক্যাম্প রয়েছে। কিন্তু সেই ক্যাম্পের পরিকাঠামো নেই। পর্যাপ্ত পুলিশ কর্মী নেই। শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি হলে সেই ক্যাম্প ব্যবহার করা হয়। লিখিত অভিযোগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের ১০ কিলোমিটার গিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করতে হয়। নতুন পুলিশ ফাঁড়ি সূর্যপুরে শুরু হলে অভিযোগ জানাতে আর বারুইপুর থানায় যেতে হবে না স্থানীয়দের।
নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকে উত্তপ্ত বারুইপুরের সূর্যপুর এলাকা। ইতিমধ্যেই এই ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। পুলিশের হেফাজতে রয়েছেন আরও তিন অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লা।
পুলিশ সূত্রে খবর, নতুন ফাঁড়িতে বর্তমান ক্যাম্পের তুলনায় আরও বেশি সংখ্যক পুলিশকর্মী ও অফিসার নিয়োগ করা হবে। এর ফলে এলাকায় টহলদারি, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা দেওয়া আরও সহজ হবে। পাশাপাশি আইনশৃঙ্খলাও দেখবে এই নতুন ফাঁড়ি।