পৃথা দাশগুপ্ত, কলকাতা: বিজেপিতে যোগ দিলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। রাজ্যসভায় পাঠানো হতে পারে তিন জনকেই, জল্পনা তুঙ্গে।
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদ পদও ছেড়েছিলেন। এবার সেই বর্ষীয়ান রাজনীতিবিদ সুখেন্দুশেখর রায় সল্টলেকের বিজেপি দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করলেন। একইসঙ্গে রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবও। তাঁদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তাঁদের রাজ্যসভার টিকিট দেবে কিনা বিজেপি, এই জল্পনা আরও জোরাল হয়ে উঠেছে। তবে সাংবাদিক বৈঠকে শমিক ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হবে ২৪ জুলাই। সংখ্যাতত্ত্বের নিরিখে এবার তিনটি আসনই বিজেপির দখলে যাবে। কারণ, বিধায়ক সংখ্যা এবং তৃণমূল শিবিরে ভাঙনের জেরে তৃণমূল শিবির প্রার্থীই দিতে পারবে না। তার ভিত্তিতেই তিনটি আসন বিজেপির দখল হওয়ার কথা। বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা।
সূত্রের খবর, ‘ওড়িশা মডেল’ অনুসরণ করে তৃণমূলের পদত্যাগী তিন সাংসদকেই ফের রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি। তবে বিজেপির তরফে ওই তিন আসনে কারা প্রার্থী হবেন তা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসার পর তাঁর সঙ্গে সুখেন্দুশেখর রায় দেখা করেন। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে সুখেন্দুশেখর রায়ের প্রয়াত বাবা শিবেন্দুশেখর রায়কে স্মরণ করেছিলেন, তা-ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের সাংসদপদ ছাড়ার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন সন্তোষমোহন-কন্যা সুস্মিতা দেব। সূত্রের খবর , যেহেতু পশ্চিমবঙ্গ থেকে দু দফায় সুস্মিতা দেব সাংসদ হয়েছেন তাই তাঁকে রাজ্যসভার টিকিট দিতে পারে বিজেপি। কারণ তৃণমূলে যোগদানের পর ২০২১ সালে মানস ভূঁইয়ার ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে সাংসদ করা হয়েছিল তাঁকে। ২০২৩ সালে তাঁর রাজ্যসভায় আসনের মেয়াদ শেষ হয়ে যায়। ২০২৪ এ সুস্মিতা দেবকে সংসদে পাঠান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩০ সাল পর্যন্ত সুস্মিতা দেবের রাজ্যসভার মেয়াদ আছে। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করেছেন। যদিও প্রকাশচিক বরাইককে আবারও মনোনয়ন দেওয়া হবে কি না সে বিষয়ে এখনো স্পষ্ট নয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই হবে ১৫ জুলাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। প্রয়োজন হলে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। একই দিন ভোটগ্রহণ শেষে ভোটগণনাও হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।