পৃথা দাশগুপ্ত,কলকাতা:রাজ্যে পালাবদলের পর থেকেই আইন শৃঙ্খলা হোক বা নারী নিরাপত্তা,জোর দিয়েছে বিজেপি সরকার। সেই নিরাপত্তা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ। কলকাতা পুলিশের রদবদলে নারী ক্ষমতায়নে জোর রাজ্যের। দীর্ঘদিন পর কলকাতায় দুই থানা পেল মহিলা ওসি। গত ১৫ বছরে কেবলমাত্র মহিলা থানাতেই মহিলা ওসি দেখা গিয়েছে। এবার মূল থানাতেও মহিলা ইন্সপেক্টরকে ওসি পদে নিযুক্ত করা হল।
সরশুনা থানার নতুন ওসি হলেন রূপা সিংহ। তিনি টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। এছাড়া, সিঁথি থানার ওসি করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর পদে বদলি করা হয়। তাতেই এই সিদ্ধান্ত পুলিশ কমিশনার অজয় নন্দার।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে কলকাতা পুলিশে দ্বিতীয়বার রদবদল । কিছুদিন আগেই ১০৮ জন আইসি-র বদলির নির্দেশ দেয় নবান্ন।
কলকাতা পুলিশের অধীনস্থ থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করেছে রাজ্য সরকার। সেখানে মহিলা অফিসারদের কী দায়িত্ব থাকবে, তা নিয়ে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন হয়েছে।
বাম আমলে শেষবার ২০১০ সালে কলকাতা পুলিশের মূল থানার দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলা ইসনপেক্টরকে। তৃণমূল আমলে একাধিক মহিলা থানা হলেও মূল থানার দায়িত্বে কোনও মহিলাকে দেওয়া হয়নি।