রাতভর প্রবল বৃষ্টি, হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের

33

পৃথা দাশগুপ্ত,কলকাতা:রাতভর প্রবল বৃষ্টি কলকাতা ও সংলগ্ন জেলায়। প্রবল বৃষ্টি দুই ২৪ পরগনা, সল্টলেক, নিউটাউন, রাজারহাটে। হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতর থেকে। আলিপুরে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আজ, শুক্রবার ভোর ৫টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৪৩ মিলিমিটার। এই বৃষ্টি আগামী অন্তত আরও তিন ঘন্টা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা।‌ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো বাতাসও থাকবে।

চিনার পার্ক ,হলদিরাম এলাকা, ঠনঠনিয়া, উত্তর কলকাতার বেশ কিছু জায়গা ও নিউ আলিপুর সহ নিচু জায়গায় জল জমে গিয়েছে। পূর্ব বাংলাদেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ ও শনিবার সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান , নদীয়া, মুর্শিদাবাদ , হুগলি, হাওড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতে। আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং ,কালিম্পং ,জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।