বিহুকে ইউনেস্কোর স্বীকৃতির লক্ষ্য অসমের

54

নিউজ ডেস্ক: অসমের সবচেয়ে জনপ্রিয় নৃত্যশৈলী বিহুর জন্য ইউনেস্কোর স্বীকৃতির লক্ষ্যে অসম। চলতি বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেছেন, চরাইদেও মৈদাম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। এবার অসম সরকারের লক্ষ্য বিহু, মাজুলির বৈষ্ণব সংস্কৃতি ও শিবসাগরের আহোম রাজবংশের রাজধানী রংপুরকে ইউনেস্কোর স্বীকৃতির তালিকায় ওঠানো।


জয়ন্ত মল্ল বরুয়া বলেন, অসমের সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র যত বেশি ইউনেস্কোর স্বীকৃতি পাবেই তত বিশ্বের দরবারে অসমের নাম উজ্জ্বল হবে। ইতিমধ্যে আহোম শাসনকালের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রং ঘর ও কারেং ঘরের সংস্কার ও সংরক্ষণ করেছে অসম সরকার।


শ্রীমন্ত শংকরদেব শেষ জীবন কাটিয়েছিলেন মধুপুর সত্রে। এই সত্রের উন্নয়নে যাবতীয় খরচ করবে অসম সরকার। পর্যটকদের জন্য সুবিধা, সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে তোলা হবে মধুপুর সত্রকে কেন্দ্র করে।


অসমের সংস্কৃতিকে গোটা ভারতে ছড়িয়ে দিতে নয়া দিল্লিতে বিহু নৃত্যের একটি অনুষ্ঠান করবে অসম সরকার, জানান জয়ন্ত মল্ল বরুয়া। কিংবদন্তি লাচিত বরফুকন ও স্বাধীনতা সংগ্রামী কুশল কোঁওরের জীবন অবলম্বনে দুটি বাণিজ্যিক চলচ্চিত্র অসম সরকারের সহায়তায় নির্মিত হবে। এ ছাড়া প্রয়াত সংগীতশিল্পী ভারতরত্ন ভূপেন হাজরিকার শতবার্ষিকী পালন করবে অসম সরকার।