বারুইপুর গণপিটুনি কাণ্ডে ফের গ্রেপ্তার ৩

21

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগে রাতেই গণপিটুনির ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা ৫।‌

প্রশাসন সূত্রের খবর আজ প্রথমে নাবালিকার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে তাঁর যাওয়ার কথা ইন্দ্রজিত মন্ডলের বাড়ি। একটি পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ-খুনের ঘটনার পরে এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিন জেলা পুলিশের সদর দপ্তরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। দেখা করেছিলেন ইন্দ্রজিতের পরিবারের লোকেদের সঙ্গেও।

পুলিশকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। পরে তিনি জানান, সপ্তাহখানেকের মধ্যে ফের আসবেন। সেই মতোই আজ মুখ্যমন্ত্রীর ৪৫ মিনিটের কর্মসূচি ।

নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বিক্ষোভের সময়ে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইন্দ্রজিত‌ মন্ডলকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে একদল উত্তেজিত জনতার বিরুদ্ধে। মঙ্গলবার বারুইপুরে গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইন্দ্রজিৎ মন্ডল নির্দোষ। তাঁর পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আসার আগে তৎপরতা শুরু হয় এলাকা জুড়ে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। দিন দুয়েক আগেই প্রশাসনের আধিকারিকেরা এসে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন।