পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে আজ থেকেই গুন্ডা দমন আইন চালু। দুষ্কৃতীরাজ রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এই আইনের উপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আবেদন মেনে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
গত ২৯ জুন, রাজ্য বিধানসভায় পাশ হয় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ দৃষ্টান্তমূলক জরিমানা চাপাতে পারে। বিলে পুলিশ বা তদন্তকারী সংস্থাকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। মূলত তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি রুখতে বাড়তি পদক্ষেপ প্রশাসনের। বিলটি ধ্বনিভোটে পাশ হয়ে আইনে পরিণত হয়। রাজ্য সরকারের তরফে জানানো হয়, ১৩ জুলাই থেকে তা রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে।
বিধানসভায় গুন্ডাদমন আইনে সংবিধান বিরোধিতার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। মামলাকারী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, এই আইন কার্যত গায়ের জোরে লাগু করা হচ্ছে । সন্দেহের বশে কাউকে গ্রেপ্তার করা সংবিধান ও মানবাধিকার বিরোধী।তাই অবিলম্বে তাতে স্থগিতাদেশ চাই।
এই আবেদনে সাড়া দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। এখন দেখার এই বিল নিয়ে কী বলে কলকাতা হাইকোর্ট।