নিউজ ডেস্ক: দিল্লির যন্তরমন্তরে সোনম ওয়াংচুকের অনশন ১৮ দিনে পড়ল। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী রাকেশকুমার সাইনি। তাঁর আবেদন, সোনমকে কোনও সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে খাওয়ানো হোক। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি চলছে ককরোচ’ জনতা পার্টির। এর আগে সোনম ঘোষণা করেছিলেন যে, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে কোনও উত্তর না-মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন লাদাখের সমাজকর্মী, পরিবেশবিদ, শিক্ষক সোনম ওয়াংচুক।
সোনমের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতারা। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা গিয়েছিলেন যন্তরমন্তরে। সোনমদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অর্থনীতিবিদ জয়তী ঘোষ। সবাই সোনম-সহ অন্যদের অনশন ভঙ্গ করার অনুরোধ করেন। অনশনের জেরে সোনম ওয়াংচুকের ওজন কমেছে অন্তত ৮ কেজি।
মঙ্গলবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে সোনমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজমাধ্যমে জানান, সোনমকে ভেঙে না-পড়ার পরামর্শ দিয়েছেন মমতা। একইসঙ্গে পড়ুয়াদের ন্যায়বিচারের দাবিতে সিজেপি যে আন্দোলন করছে, তা সমর্থন জানিয়েছেন বলেও পোস্টে দাবি অভিজিতের।
বিরোধী দলের নেতা-সাংসদরা স্থির করেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন, ২০ জুলাই ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে অনুরোধ জানাবে অনশন ভঙ্গ করতে। এদিকে, ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।
মজার বিষয় হল, থ্রি ইডিয়েটস ছবিতে সোনমের ভূমিকায় অভিনয় করা আমির খান এখন পর্যন্ত কিছু না বললেও সেই ছবির চতুর চরিত্র অর্থাৎ ওমি বৈদ্য সোনমের পক্ষে ভিডিও পোস্ট করেছেন।
Prev Post