নিউজ ডেস্ক: অসম বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বন্যায় অসমে মৃতের সংখ্যা ৪। অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টি হওয়ায় উজান অসমের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার সবচেয়ে প্রকোপ ছয় জেলায়। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৭ হাজার মানুষ।
অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে ৩৭ হাজার ৩২ জন বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলার। শুধু লখিমপুর জেলাতেই ৩৫ হাজার ৬৯৬ জন বন্যাকবলিত। রাজ্যের যে ছয় জেলা প্লাবিত হয়েছে সেগুলি হল শোণিতপুর, ডিব্রুগড়, লখিমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর। ছয় জেলার ৯৯টি গ্রাম প্লাবিত।
বন্যাকবলিত জেলাগুলিতে ২০টি ত্রাণশিবির খোলা হয়েছে। বন্যায় বাড়িঘরের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষিজমি এবং গবাদি পশু। প্রায় এক হাজার ১০৩ হেক্টর কৃষিজমি জলের তলায়। লখিমপুর জেলায় কয়েকটি রাস্তাও ভেসে গিয়েছে জলের তোড়ে।
অরুণাচল প্রদেশে টানা বৃষ্টি হওয়ায় অসমের নদীগুলির জল কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে নতুন করে অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরানো হয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন জায়গায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।