নিউজ ডেস্ক: প্রতিবারই ফুটবল বিশ্বকাপের উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে থাকে বড় চমক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে চাইছে ফিফা। সমাপ্তি অনুষ্ঠানে বসছে চাঁদের হাট। জাঁকজমকপূর্ণ কনসার্টে পপ তারকা শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার পারফর্ম করবেন বিশ্বকাপ ফাইনালে। পাশাপাশি পারফর্ম করতে পারেন টম ক্রুজ থেকে শুরু করে রবি উইলিয়ামসও। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় খেলা হবে বিশ্বকাপ ফাইনাল। ফিফা সূত্রে জানা গেছে, হাফটাইমে আয়োজিত কনসার্টের টিকিট থেকে সংগৃহীত অর্থ দান করা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে।

কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আসরের স্পিরিটকে মাথায় রেখেই সাজানো হয়েছে সমাপ্তি অনুষ্ঠান। প্রথমবার বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে আয়োজিত হবে কনসার্ট। তবে চমক থাকছে শুরু থেকেই। ম্যাচ শুরুর আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক স্তরের তারকারা। সেই তালিকায় নাম রয়েছে টম ক্রুজ, ইতালিয়ান গায়িকা লরা পাউজিনি, পপ তারকা নিকোল শেরজিঙ্গার এবং ব্রিটিশ পপ আইকন রবি উইলিয়ামস। থাকছে আইশোস্পিড-এর মতো নামজাদা শিল্পী ও ইউটিউবারদের লাইভ পারফর্ম্যান্স। খেলা শুরুর আগে আমেরিকার জাতীয় সঙ্গীত গাইবেন জেনিফার হাডসন। সব মিলিয়ে রবিবারের মেগা ফাইনালে ফুটবল আর বিনোদনের চূড়ান্ত মেলবন্ধন দেখতে চলেছে গোটা বিশ্ব। ফাইনালের হাফ-টাইমেও থাকছে মেগা চমক। আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের বিরতিতে টানা ২৫ মিনিট ধরে চলবে মেগা অনুষ্ঠান। সে সময় মঞ্চ মাতাবেন পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা থেকে শুরু করে শাকিরা, জাস্টিন বিবারের মতো তারকারা। থাকছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের অনুষ্ঠান।
তবে, এবারের বিশ্বকাপে সমাপ্তি অনুষ্ঠান ঘিরেও রয়েছে বিতর্ক। ফাইনালের হাফটাইমে আয়োজিত কনসার্ট নিয়েই বিতর্কের সূত্রপাত। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের ধাঁচে আয়োজন করা হয়েছে বিশ্বকাপে সমাপ্তি অনুষ্ঠান। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগে বিরতিতে সমাপ্তি অনুষ্ঠানের রেওয়াজ রয়েছে। সেটাই দেখা যাবে ফিফা বিশ্বকাপের ফাইনালে। তার জন্য বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ মিনিট। ফিফার এই সিদ্ধান্তে নারাজ বেশিরভাগ কোচ ও ফুটবলার। বিশেষজ্ঞদের দাবি, এতে খেলার ছন্দ নষ্ট হতে পারে। ফুটবলারদের মনোযোগেও বাধা আসতে পারে। খেলার ছন্দ ধরে রাখতে সমস্যা হতে পারে প্লেয়ারদের। এবারের বিশ্বকাপে ৯০ মিনিটে দুবার জলপানের ব্যবস্থা করে আগেই বিতর্কে জড়িয়েছে ফিফা। তার ওপর ফাইনালের বিরতির সময় আরও ১৫ মিনিট বাড়িয়ে বিতর্কের শিখরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।