পৃথা দাশগুপ্ত,কলকাতা:আজ বিধানসভায় জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র-দফতরের বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ক্যাগের রিপোর্ট নিয়েও বিধানসভায় আলোচনা হবে বলে জানান। শুভেন্দু অধিকারী জানান, ক্যাগ যেখানে যাঁদের অভিযুক্ত বলে চিহ্নিত করেছে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ২৫ তারিখ ক্যাগের রিপোর্ট পেশ হবে। পরবর্তী অধিবেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা করব। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে ক্যাগ বলছে, আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। সে যত বড়ই নেতা-মন্ত্রী হন না কেন! তাঁর বিরুদ্ধে রাজ্যপালের কাছে সুপারিশ করে এবং আই আর করব।

একই সঙ্গে তিনি বলেন, “আমাদের ইউ সি সি- র জন্য কমিটি হয়েছে। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে। সেই রিপোর্ট চলে আসবে। আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপালকে অনুরোধ করব যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে আলোচনা হয়। বড় বড় ভাষণ যাঁরা দিয়েছেন এক ঝুড়ি লোক নিয়ে, তাঁদের মুখোশ আমরা অতিদ্রুত খোলার ব্যবস্থা করব। আইনানুগ ব্যবস্থা নেব।”
তিনি আজ বলেন, “আমি স্মরণ করাতে চাই প্রধানমন্ত্রী আমফানের সময় দুই দফায় ৩৭৫০ কোটি টাকা দিয়েছিলেন। আমফানে বড় দুর্নীতি হয়। কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত করে। সেই তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। হাউসে আনা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি।”
তিনি বলেছেন, “বাংলায় যত কমিশন আছে, সব বডিগুলো অচল করে রেখেছিল বিগত সরকার। আগামী ১ অগস্ট থেকে সব কাজ করবে। এরা সব অভিযোগ নিতে বাধ্য। আর তারপর পদক্ষেপও করবে।”