চোরবাগানকাণ্ডে মঞ্চ ভেঙে পড়ার ঘোষণা ঘিরে নতুন তথ্য সিট-এর তদন্তে

19

পৃথা দাশগুপ্ত, কলকাতা: চোর বাগান কান্ডে মূল থিম মণ্ডপের এন্ট্রি গেটে মঞ্চ ভেঙে পড়েছে এরকম কোনও ঘোষণা করা হয়নি। সিট এর প্রাথমিক তদন্তে তদন্তকারীদের দাবি, ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশকর্মী ও দর্শনার্থীদের বয়ানে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ঘোষণা করার জন্য পুজো কমিটির তরফে মোট ১২টি মাইক বসানো হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট এবং পার্বতী ঘোষ লেন জুড়ে ওই মাইকগুলি রাখা হয়। মঞ্চ ভেঙে পড়ার কথা এই ১২টি মাইক থেকেই ঘোষণা করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে মণ্ডপের কাছাকাছি যে ঘোষণার শব্দ শোনা গিয়েছিল, তদন্তকারীদের দাবি অনুযায়ী, সেটি আসলে মুক্তারামবাবু স্ট্রিটে হ‌ওয়ার সম্ভাবনাই বেশি।

শুধু অমর বসু সরণিই নয়, ওই রাস্তা থেকে বাঁ দিকে গিয়ে রামচন্দ্র চ্যাটার্জি লেন হয়ে মূল থিম মণ্ডপে পৌঁছনো যায়। সিটের প্রাথমিক অনুমান, ওই এলাকা থেকেও মাইকে মঞ্চ ভেঙে পড়ার কোনও ঘোষণা করা হয়নি।

মঞ্চ ভেঙে পড়ার ঘোষণা ঠিক কার নির্দেশে করা হয়েছিল,সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ধৃতেরা।

চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এই ঘটনায় বেশ কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি চর্চা হচ্ছে মাইকে ঘোষণা নিয়ে। ঠিক কী ঘটেছিল? তা সঠিক তদন্তের পরে সামনে আসবে। ‌