২১ জুলাইয়ের সভায় হাই কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পদক্ষেপ পুলিশের
পৃথা দাশগুপ্ত, কলকাতা: শহিদ দিবসের সভাকে কেন্দ্র করে আদালত অবমাননার গুরুতর অভিযোগ। ক্যাথিড্রাল রোডে সভা চলাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশ না মেনে রাস্তার দু’পাশেই ব্যাপক ভিড় । ফলে রাস্তায় তীব্র যানজট । গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কিছুক্ষনের জন্য। হাইকোর্টের দেওয়া শর্ত না মানার অভিযোগে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হেস্টিংস থানার।
পুলিশ সূত্রের খবর, ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে ক্যাথিড্রাল রোড ব্যবহারে অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার একপাশে সভা করা যাবে। অন্য পাশটি যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে। কিন্তু সভা শুরু হতেই দেখা যায় ঠিক উল্টো ছবি। আয়োজকদের আহ্বানে আসা কর্মী-সমর্থকরা রাস্তার পূর্ব অংশের পাশাপাশি পশ্চিম অংশেও জমায়েত হতে থাকেন। ফলে পুরো রাস্তাটি বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে অন্যান্য গাড়িগুলোকে ঘুরিয়ে দেয়। ফলে, যানজটের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে হেস্টিংস থানায় সমাবেশের আয়োজক ও কালীঘাট তৃণমূলের আহ্বায়কদের বিরুদ্ধে রাস্তা অবরোধ করা এবং আইনি নির্দেশ না মানার বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।