উন্মত্ত জনতাকে প্রতিরোধে ছররা গুলি ব্যবহার বৈধ: আদালত

23

নিউজ ডেস্ক: লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং যতই বলুন না কেন ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর পুলিশ কোনো গুলি চালায়নি, তাতে চিঁড়ে ভিজছে না। এবিষয়ে একটি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে, একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই ছররা গুলি ব্যবহার করতে পারে পুলিশ। এইসঙ্গে কেন্দ্রকে শীর্ষ আদালতের নির্দেশ, পড়ুয়াদের সংসদ অভিযানের সময়ে দিল্লির রাস্তায় থাকা র্যা ফের কাছে কী কী কার্তুজ ছিল, সেই হিসেব সংরক্ষণ করতে হবে।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সংসদ অভিযানের সময়ে ছররা গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে বেশ কয়েকজন জখমও হন। মামলাকারীদের দাবি, তাঁরা আন্দোলনের সময়ে ছররা গুলিতে জখম হয়েছেন। এবিষয়ে মামলা করেন কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার তথা অবসরপ্রাপ্ত আমলা যশোবর্ধন আজাদও। যিনি বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদের ভাই।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। শীর্ষ আদালত জানায়, বাহিনীর নিয়মবিধি অনুযায়ী ছররা গুলি ব্যবহার করতে পারে পুলিশ। তবে সেটা শুধু ব্যতিক্রমী ক্ষেত্রেই। ছররা গুলি ব্যবহারের ক্ষেত্রে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ কী রয়েছে, সেটা দিল্লি পুলিশকে জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট বলেছে, সংসদ চলো অভিযানের সময়ে ছররা গুলি চালানোর বিষয়টি খতিয়ে দেখা হবে। আন্দোলনের সময়ে যাঁরা ছররা গুলিতে জখম হয়েছেন, তাঁদের সঠিক চিকিৎসারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মামলকারীদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, ছররা গুলি রাবার, প্লাস্টিক বা ধাতুর হতে পারে। সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর ধাতব ছররা গুলি চালিয়েছে পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি সোমবার, ৩ আগস্ট।