বন্যায় মৃত আরও দুজনের দেহ উদ্ধার শিবসাগরে

15

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। শিবসাগরের নেপালিখুটি গ্রামের বাসিন্দারা আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরতে আরও দুটি দেহ উদ্ধার হয়েছে। থকথকে কাদার মধ্যে ডুবেছিল দুটি দেহ।
চলতি বন্যায় ঘর ছেড়ে আশ্রয় শিবিরে বেশ কয়েকদিন ছিলেন শিবসাগরের জেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বৃষ্টি কমতে তাঁদেরই কেউ কেউ ঘরবাড়ির কতটা ক্ষতি হয়েছে দেখতে গ্রামে ফিরেছিলেন। এ ছাড়া নিখোঁজদের তল্লাশিও চলছিল। তখনই দুটি দেহ কাদার নীচে পড়ে থাকতে দেখা যায়। বন্যার প্রকোপে গ্রামের অনেক ঘরবাড়ি ভেঙে পড়েছে। কারো বাড়ির রেফ্রিজারেটর ভাসিয়ে নিয়ে গেছে তীব্র জলের স্রোত।
একটি দেহ উদ্ধার নদীর পাড় থেকে। একটি পা দেখা যাচ্ছিল। বাকি দেহ ছিল কাদার ভেতরে। বন্যার জলের সঙ্গে ভেসে আসা কাদামাটির ভেতরে পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। এক গ্রামবাসী বলেছেন, আমরা আজ গ্রামে ফিরেছি। নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করার সময় দুটি মৃতদেহ দেখতে পাই। গ্রামপ্রধান ও পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়।
যে দুজনের দেহ উদ্ধার হয়েছে তাঁদের একজনকে রাজেন পানিকার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন গ্রামবাসীরা। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। অসমের শিবসাগর জেলার নেপালিখুটি চলতি বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত। অধিকাংশ ঘরই ভেসে গিয়েছে। খোঁজ নেই গৃহপালিত জীবজন্তুর। কৃষিজমি জলের তলায়। বর্তমানে জল কমলেও বন্যায় ভেসে আসা কাদামাটির স্তর ভেঙে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।