মুম্বাইয়ে বহুতল ভেঙে বিপর্যয়! মৃত ৯, ধ্বংসস্তূপে চলছে প্রাণের খোঁজ

30

নিউজ ডেস্ক; মুম্বাই সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল বহুতল। ভয়াবহ এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নীচে চলছে প্রাণের খোঁজ। বৃহস্পতিবার রাত তখন সাড়ে ১১টা। বাড়ির ভিতরে ছিলেন বেশ কয়েকজন আবাসিক এবং নির্মাণশ্রমিক। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলার আবাসিক ভবন। ঘটনাটি মহারাষ্ট্রের ঠানে জেলার ভিওয়ান্দির। খবর পেয়ে রাতেই ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারী যন্ত্রপাতি, ক্রেন ও বুলডোজার এনে ধ্বংসস্তূপ সরানোর কাজ দ্রুত গতিতে চলছে।


দুর্ঘটনা কবলিত বহুতলের নাম ‘কোহিনূর অ্যাপার্টমেন্ট’। পুরসভা বহুতলটিকে ‘বিপজ্জনক’ বলে আগেই ঘোষণা করেছিল। তা সত্ত্বেও খালি করা হয়নি আবাসনটি। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বিপজ্জনক’ বলা সত্ত্বেও বহুতলের মেরামতির কাজ চলছিল। চারতলার এই অ্যাপার্টমেন্টে মোট ৪৮টি ঘর ছিল। ভিওয়ান্ডির বালাজি নগর গঙ্গারামওয়াড়ি এলাকায় এটি অবস্থিত।


বৃহস্পতিবার গভীর রাত আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নীচে অন্তত ১১ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। তাঁদের মধ্যে ছয়জন আবাসিক আর পাঁচজন নির্মাণশ্রমিক। সকাল ১০টা পর্যন্ত তাঁরা ৯ জনের দেহ উদ্ধার করেছেন। তবে দেহগুলি কার, তা চিহ্নিত করা যায়নি। ঘটনার পরই স্থানীয় পুরসভা বিপজ্জনক ঘোষিত ভবনগুলিতে থাকা মানুষদের অবিলম্বে ঘর খালি করে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে।