পৃথা দাশগুপ্ত,কলকাতা:জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এ বার এস টি এফ – এর জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অর্পিতা সরকারকে। তাঁকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের অভিযোগ, হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করে ফাঁদে ফেলাই ছিল অর্পিতা সরকারের কাজ।
এস টি এফ জানিয়েছে, অর্পিতাকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করত হামিম। অভিযোগ, অর্পিতা প্রভাবশালী ব্যক্তিদের হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করে ফাঁদে ফেলত। তার পরে তাঁদের থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালাত।
বর্ধমানের রেনেসাঁ হাউজ়িং থেকে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে। গোয়েন্দাদের সন্দেহ, ধৃত হামিমের সঙ্গে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের যোগ রয়েছে। এ ছাড়াও, হামিমের বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আই এস আই – এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের সন্দেহ, হামিম ও তাঁর বান্ধবী দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য গুপ্তচর সংস্থা আই এস আই -এর র এজেন্টদের হাতে তুলে দিত। এই চক্রের পিছনে আর কারা রয়েছে, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
হামিমকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাঁর বান্ধবীকে বর্ধমানের আদালতে পেশ করা হয়েছে।