নিউজ ডেস্ক: রাজনৈতিক মতবিরোধ থাকলেও বিরোধী বিধায়ক অখিল গগৈয়ের মুখে শোনা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঢালাও প্রশংসা। শিবসাগরে কোমর সমান জল ভেঙে বন্যার্তদের কাছে পৌঁছেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বিশ্ব শর্মা প্রবল বিরোধী বলে পরিচিত শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বলেছেন, বন্যার্তদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঐতিহাসিক ঘটনা। অখিলের মতে, এবারই প্রথম দেখা গেল অসমের কোনও মুখ্যমন্ত্রী খালি পায়ে বন্যাবিধ্বস্ত অঞ্চলে ঘুরছেন।
শিবসাগরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী হিমন্ত। স্থানীয় বিধায়ক হিসেবে তাঁর সঙ্গে ছিলেন অখিল গগৈ। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি দেখিয়ে দিতেই সহযাত্রী হয়েছিলেন। অখিলের মন্তব্য, মুখ্যমন্ত্রীর জন্য কোনও লাল কার্পেট পাতা ছিল না, না ছিল প্রশাসনের কর্তারা।
রাইজর দলের প্রতিষ্ঠাতা অখিল গগৈ বলেন, এই প্রথম অসমের কোনও মুখ্যমন্ত্রী কোমর সমান জল ভেঙে বন্যাক্রান্ত অঞ্চলে ঘুরছেন। ফুলেশ্বরী স্কুল বন্যার জলের সঙ্গে কাদামাটিতে বিধ্বস্ত। সেখানে অসমের মুখ্যমন্ত্রী এসেছেন খালি পায়ে। এটা সত্যই ঐতিহাসিক মুহূর্ত। আমি কৃতজ্ঞ। এখানে মুখ্যমন্ত্রীর জন্য কোনও লাল কার্পেট পাতা ছিল না। আমি তাঁকে বাস্তব পরিস্থিতি দেখিয়েছি।
শিবসাগরে বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী হিমন্তর হাত ধরতে দেখা যায় বিরোধী বিধায়ক অখিল গগৈকে। এবিষয়ে অখিল বলেন, তাঁর হাত ধরে কোমর সমান জলে হাঁটতে সহায়তা করেছি। তিনি খুব শক্তিশালী মানুষ এবং বিশেষজ্ঞ। আমি কখনো অসমের কোনও মুখ্যমন্ত্রীকে দেখিনি এভাবে জল ভেঙে বন্যাক্রান্ত অঞ্চলে ঘুরতে। এজন্য মুখ্যমন্ত্রী হিমন্তর কৃতিত্ব প্রাপ্য।
টানা তিন দিন উজান অসমে বন্যা বিধ্বস্ত চার জেলায় ঘুরেছেন হিমন্ত বিশ্ব শর্মা। শিবসাগরের নেপালি খুঁটি গ্রাম বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত। খালি পায়ে জল ভেঙে সেখানে গিয়ে বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
Next Post