পৃথা দাশগুপ্ত, কলকাতা: বহিরাগতদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের জের । দফায় দফায় উত্তপ্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপাতত বন্ধ থাকবে এস আর এফ টি আই -এর পঠন-পাঠন। আজ নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত খোলা হবে না সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এর ক্যাম্পাস। বন্ধ থাকবে পঠন-পাঠন সহ সব কাজকর্ম। হস্টেল ছেড়ে চলে যেতে বলা হল পড়ুয়াদের।
অভিযোগ, পাল্টা অভিযোগ কর্তৃপক্ষের দাবি, ছাত্রদের আন্দোলন এবং বিক্ষোভ বন্ধ করতে হবে। অন্যদিকে, ছাত্রদের দাবি উপাচার্যকে পদত্যাগ করতে হবে।
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্রদের সংঘর্ষ। গত সেপ্টেম্বরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। সেই ঘটনার পুনরাবৃত্তি হয় এক সপ্তাহের মধ্যেই। পুজোর সময় দেখা যায়, মধ্যরাতে ক্যাম্পাসে বিশাল পুলিশ বাহিনী। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষাঙ্গনে।
আর এবার বন্ধ করে দেওয়া হল ক্যাম্পাস। বলা হয়েছে, সবকিছু সুস্থ পরিবেশ ফেরা না অবধি বন্ধ থাকবে ক্যাম্পাস।