নিট প্রশ্নফাঁসে চার্জশিট সিবিআইয়ের

28

নিউজ ডেস্ক: নিট প্রশ্নফাঁস মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত ১৩ জন। সবাইকে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের চার্জশিটে রয়েছে এনটিএ-র তিন আধিকারিকের নাম। এঁরা হলেন রসায়ন বিশেষজ্ঞ পিভি কুলকার্নি, উদ্ভিদবিদ্যার বিশেষজ্ঞ মণীশ মান্ধারে এবং পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মনীষা হাওয়ালদার। এনটিএ-র যে দল নিটের প্রশ্ন তৈরি করত, এঁরা তার সদস্য ছিলেন। প্রশ্নপত্র চূড়ান্ত হলে মুখস্থ করে তাঁরা সেটা কাগজে লিখে রাখতেন।
এরপর চিরকুট পৌঁছে দিতেন মিডলম্যানদের কাছে। সেখান থেকে বিভিন্ন কোচিং সেন্টারের পড়ুয়ারা প্রশ্ন পেয়ে যেত টাকার বিনিময়ে। নির্দিষ্ট কিছু কোচিং সেন্টারের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। প্রশ্ন যেত শুধু সেখানেই। তদন্তে এরকম একাধিক চিরকুট উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকেরা।
যেখানে প্রশ্নপত্র রাখা থাকত সেখানে ঢোকা বা বেরনোর ক্ষেত্রে তল্লাশির ব্যবস্থা ছিল না। নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর ত্রুটি ছিল, চার্জশিটে বলেছে সিবিআই। ধৃত কুলকার্নি ৩১ মার্চ থেকে ২ এপ্রিল, টানা তিন দিন ধরে তিনটি পৃথক সেটের প্রশ্ন অনুবাদের কাজ করেছিলেন বলে দাবি সিবিআইয়ের।
যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মিডলম্যান, কোচিং সেন্টারের কর্মী এবং পরীক্ষার্থী বলে উল্লেখ করেছে সিবিআই। ৯৪ পৃষ্ঠার চার্জশিটে ৩৬০ জন প্রত্যক্ষদর্শী, ৪২২টি নথি যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে।