ঝাড়খণ্ডে ছাত্রবিক্ষোভ, অনশনে অসুস্থ পড়ুয়া হাসপাতালে

38

নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড পাবলিক সার্ভস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ১৪ দিন ধরে অনশন করছে সেখানকার পড়ুয়ারা। ওই দুই পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে ছাত্ররা। পড়ুয়াদের দাবি, নিরপেক্ষ তদন্তের। ঝাড়খণ্ড সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তাতে খুশি নয় আন্দোলনকারীরা, তাদের দাবি সিবিআইকে দিতে হবে তদন্তভার।
রাঁচিতে অনশনরত এক ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুক্রবার। রাঁচির জয়পাল সিংহ মুন্ডা স্টেডিয়ামের কাছে ধর্নায় বসেছে আন্দোলনকারীরা।
ঝাড়খণ্ডে বিধানসভা অধিবেশনে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি শুক্রবার তুমুল প্রতিবাদ হয়। পড়ুয়াদের সঙ্গে সুর মিলিয়ে ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি সিবিআই তদন্তের দাবি তুলেছেন।
আন্দোলনকারীদের দাবি, ধর্নাস্থলে এসে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করুন। তাদের দাবি জনসমক্ষে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের গুরুত্বপূর্ণ সঙ্গী কংগ্রেস। আন্দোলনকারীদের তিনি আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনায় পড়ুয়াদের দাবি নিয়ে বিবেচনা করা হবে। দিল্লির যন্তর মন্তরে ২৩ দিন অনশন করেছিলেন ছাত্র সংগঠন আইসার সভানেত্রী নেহা বরা। তিনি রাঁচিতে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে দাবি তুলেছেন যে সব পরীক্ষা আয়োজন করার ভার নিক সরকার। কোনও বেসরকারি সংস্থাকে দিয়ে পরীক্ষা আয়োজন করা ঠিক নয়। সরকার নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।