ইমরানকে নিয়ে পাক প্রধানমন্ত্রীকে চিঠি অধিনায়কদের

40

নিউজ ডেস্ক: পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্যের সুচিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি পাঠালেন প্রাক্তন ২২ অধিনায়ক। আশ্চর্যজনকভাবে এই তালিকায় ভারতের সুনীল গাভাসকার, কপিলদেব ও দিলীপ বেঙ্গসরকর থাকলেও নেই পাকিস্তানের কোনও ক্রিকেটার।
চিঠিতে লেখা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইমরান খানকে পাঠাতে হবে হাসপাতালে। একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে, সেখানে থাকবেন ইমরানের ব্যক্তিগত চিকিৎসক উজমা খান। এইসঙ্গে ইমরানের সঙ্গে সপ্তাহে একবার দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যরা। পাকিস্তান সরকারের মেডিক্যাল বোর্ড নয়, ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করবেন আদালত নিযুক্ত মেডিক্যাল বোর্ড।


শেহবাজ শরিফের কাছে আবেদন জানানো হয়েছে যে আদালতের প্রতিটি নির্দেশই যেন পালন করা হয়।
এর আগে, ফেব্রুয়ারি মাসে, বিশ্বের প্রাক্তন ১৪ অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্যের গভীর আশঙ্কা প্রকাশ করে চিঠি পাঠিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীর কাছে। চিঠিতে লেখা হয়েছে, রাজনীতিক নয়, ইমরান খান ছিলেন আমাদের প্রাক্তন বন্ধু ও প্রতিদ্বন্দ্বী।
২০১৮ থেকে ২০২২ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ২০২৪ সাধারণ নির্বাচনের আগে বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেফতার করে পাক সরকার। তবে ইমরান খানের বিচার প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতো বিশ্বের প্রথম সারির কিছু সংগঠন।
ভারতের প্রাক্তন তিন অধিনায়ক সহ চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, আয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়া, জন রাইটের মতো ক্রিকেটার।