ত্রাণ বণ্টনে বিলম্বে সরব অখিল গগৈ

32

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণের অর্থ এখনও পৌঁছয়নি, অভিযোগ শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের। অবিলম্বে ত্রাণের অর্থ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ শিবসাগরে। শিবসাগরের বোর্ডিং মাঠে ভিড়ে ঠাসা মঞ্চে অখিল গগৈ বলেন, ত্রাণের তাৎক্ষণিক সাহায্য বন্যার্তদের কাছে পৌঁছনো উচিত ৪৮ ঘণ্টার মধ্যে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে বন্যার পর ৩৬ দিন কেটে গেল কিন্তু অধিকাংশ বন্যাক্রান্ত পরিবার এখনও সরকারি ত্রাণের অর্থ পায়নি।
অখিল গগৈয়ের হুমকি, যদি ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণের অর্থ বন্যার্তদের কাছে না পৌঁছয় তাহলে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাও করা হবে। প্রসঙ্গত, বন্যার্তদের জন্য এককালীন ১৫ হাজার টাকা ত্রাণ সহায়তা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
৪৮ ঘণ্টার মধ্যে সবার কাছে সরকারের ঘোষিত ত্রাণের অর্থ না পৌঁছলে শিবসাগরের বন্যার্তদের নিয়ে গুয়াহাটিতে সমাবেশ করার ঘোষণা অখিল গগৈয়ের। এরপরই তিনি বলেন, স্মরণকালে শিবসাগরে কখনও বন্যা হয়নি। হঠাৎ এই বন্যার কারণ কি অবৈধ খনন? প্রশ্ন অখিল গগৈয়ের। অসমের বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতি উজান অসমের শিবসাগর, চরাইদেও, যোরহাট, গোলাঘাট জেলার। বন্যায় অসমের ১০৫ জন প্রাণ হারিয়েছেন। অখিলের অভিযোগ যে দিখৌ নদীর পাড়ে অবাধে খননের ফলেই বন্যার জল আটকানো যায়নি। মন্ত্রী সুশান্ত বরগোহাঁই এবং বিজেপির দুই বিধায়কের বিরুদ্ধে অবৈধ খনন ও সিন্ডিকেট চালানোর অভিযোগ করেন অখিল গগৈ।