আমির খানের ‘৩ ইডিয়টস’ দাবির কড়া জবাব সোনাম ওয়াংচুকের: ‘হয়তো গজনির মতো স্মৃতিভ্রম হয়েছে’

36

নিউজ ডেস্ক: লাদাখের বিখ্যাত সমাজকর্মী, শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক অবশেষে বলিউড সুপারস্টার আমির খানের সাম্প্রতিক মন্তব্যের কড়া অথচ রসাত্মক জবাব দিয়েছেন । সম্প্রতি নিট (NEET) পরীক্ষার জালিয়াতির বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে অনশন চলাকালীন এক পডকাস্ট সাক্ষাৎকারে আমির খানকে কটাক্ষ করে ওয়াংচুক বলেন, “আমির খানের হয়তো শর্ট-টার্ম মেমরি লস (সাময়িক স্মৃতিভ্রম) হয়েছে।”

বিতর্কের সূত্রপাত কিছুদিন আগে লন্ডনে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবে আমির খান দাবি করেন, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি ‘৩ ইডিয়টস’ এ তাঁর অভিনীত আইকনিক চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ (র‍্যাঞ্চো) সোনাম ওয়াংচুকের জীবন দ্বারা অনুপ্রাণিত ছিল না । তিনি আরও জানান, ছবির চিত্রনাট্য লেখার সময় তিনি বা পরিচালক রাজকুমার হিরানি কেউই ওয়াংচুককে চিনতেন না।

আমির খানের এই মন্তব্যের পরই সমাজমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) একটি পুরনো ভিডিও দ্রুত ভাইরাল হয় । সেখানে দেখা যায়, ৩ ইডিয়টস মুক্তির বেশ কিছুদিন আগে আমির খান স্বয়ং সোনাম ওয়াংচুকের একটি বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছেন এবং তাঁর সাথে আলোচনা করছেন।
প্রখর গুপ্তার পডকাস্টে এই ভাইরাল ভিডিওটি নিয়ে প্রশ্ন করা হলে ওয়াংচুক হেসে বলেন, “যে ভিডিওটি পুনরায় সামনে এসেছে, সেখানে আমির খানকে তাঁর ‘গজনি’ (Ghajini) সিনেমার গেটআপে আমার একটি কাজ দেখতে দেখা যাচ্ছে।হয়তো তিনি গজনির সেই শর্ট-টার্ম মেমরি লসের চরিত্রটি বাস্তবেও বড্ড বেশি নিখুঁতভাবে রপ্ত করে ফেলেছেন, যার কারণে তিনি আমাদের পুরনো সাক্ষাতের কথা ভুলে গেছেন।”

বর্তমান সময়ে এসে আমির খানের এমন সম্পূর্ণ বিপরীতমুখী দাবি এবং তার প্রেক্ষিতে সোনাম ওয়াংচুকের এই ‘গজনি’ কটাক্ষ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।