নেপালে অসমের ৮ শ্রমিক উদ্ধার, খোঁজ চলছে ৫ জনের

24

নিউজ ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে অসমের ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অসমের ৫ শ্রমিক। উদ্ধার হওয়া ৮ শ্রমিককে অসমে ফেরানো হয়েছে। তবে তাঁদের সহকর্মী ৫ জনের খোঁজে এখনও তল্লাশি চলছে।
অসমের ১৩ শ্রমিক নেপালের রাসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। হড়পা বানের অভিঘাতে নেপালে মৃতের সংখ্যা নয়শো ছাড়িয়েছে। অসমের শ্রমিকদের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা যায়নি। তাঁদের কাজের জায়গায় জলের সঙ্গে কাদামাটির স্রোত ঢুকে পড়ে।
জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে অসমের ৮ শ্রমিক নিকটবর্তী পাহাড়ের মাথায় চলে যান। সেখানেই তিন দিন ছিলেন। নেপালের মিলিটারি উদ্ধারকারী দল হেলিকপ্টার থেকে এই কয়দিন তাঁদের খাবার ও পানীয় জল দিয়েছে। শেষপর্যন্ত হেলিকপ্টারেই তাঁদের উদ্ধার করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া ৮ অসমিয়া শ্রমিককে ফেরাতে উদ্যোগী হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্ত অসম পুলিশের একটি দল ৮ শ্রমিকের দায়িত্ব নেয় এবং তাঁদের ধুবড়িতে নিজের এলাকায় ফিরিয়ে আনা হয়।
যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন নলবাড়ির পঙ্কজ বর্মন, সোনাপুরের গোপালচন্দ্র দেবনাথ, ডবকার গৌতম দাস, পশ্চিম কার্বি আংলংয়ের শিলভা মারাক, লিপসন সাংমা, সমর বেজবরুয়া, সরভীষণ মারাক এবং চন্দ্রেশ্বর নার্জারি।
৮ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ নগাঁও, নলবাড়ি ও কার্বি আংলং জেলার পাঁচ জন।