সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা মোদীর

8

নিউজ ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২৬তম এসসিও সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সামনেই মোদী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার কোনও স্থান নেই।
এসসিও সম্মেলনে মোদীর পাশাপাশি উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিন, চিনের প্রধান জি জিনপিং।
ভাষণে মোদী বলেন, যেসব দেশ সন্ত্রাসবাদকে নিজের নীতির অঙ্গ করে ফেলেছে এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে তাদের উদ্দেশে বার্তা হল, সন্ত্রাসবাদ কারো সম্পদ হতে পারে না। তারপরেই মোদী বলেন, সন্ত্রাসবাদের কাঠামোকে ভেঙে ফেলতেই হবে। এই বিষয়ে দ্বিচারিতার কোনও স্থান নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামনে মোদীর দৃঢ় ঘোষণা, আমরা সবসময় বলছি, সংঘাত এবং যুদ্ধের অবসান ঘটে পারস্পরিক কথোপকথন এবং কূটনীতির মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে সংঘাতের মীমাংসা হয় না। ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধের নাম না করে মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংকট শুধু সেখানেই সীমিত নয়, এতে গোটা বিশ্বে জ্বালানি, জাহাজ চলাচল এবং সাপ্লাই চেনে প্রভাব পড়েছে। এবং এই সংকটে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে ভারতের মতো গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলির।
পাশাপাশি মাদক চোরাচালান রোখারও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, মাদক চোরাচালান শুধু অপরাধই নয়, এটা নতুন প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ নিয়ে আসছে। মাদক চোরাচালানে প্রভাব পড়ছে আঞ্চলিক নিরাপত্তায়।