মেরামতির পরও নিউ ফরাক্কার আপ লাইনে চলল না ট্রেন

26

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার ভোর রাতে ফরাক্কায় রেল লাইনে ধস নামার পর স্তব্ধ রেল চলাচল। অবশেষে শনিবার আবার নিউ ফরাক্কার আপ লাইনে গড়িয়েছিল ট্রেনের চাকা। ট্রায়াল রান‌ও সফল‌‌।‌ কিন্তু তারপরও ঝুঁকি নিতে নারাজ রেল কর্তৃপক্ষ।‌

সূত্রের খবর, ওই আপ লাইনে এখনই ঝুঁকি নিতে নারাজ রেল। কারণ সবেমাত্র সারাই হয়েছে। আবার যদি ধস নামে, তাই আপাতত ঘুরপথে চালানো হচ্ছে ট্রেন। যে ট্রেনগুলি ওই আপ লাইন দিয়ে চলার কথা ছিল, সেগুলি বিকল্প রুট দিয়ে চলছে।

শতাব্দী এক্সপ্রেস বর্ধমান, রামপুরহাট, পাকুর হয়ে তিলডাঙ্গা স্টেশন থেকে এস কেবিন অর্থাৎ ওই ধস নামা আপ লাইনে দিয়ে নিউ ফারাক্কা জংশন প্রবেশ করার কথা ছিল। কিন্তু সেই লাইন ডাইভার্ট করা হয় তিলডাঙ্গা থেকে বল্লালপুরে। অর্থাৎ আজিমগঞ্জ থেকে যে রুট নিউ ফারাক্কা জংশনে প্রবেশ করে।

মালদহ ডিভিশনের নিউ ফরাক্কার ধসে যাওয়া রেললাইন মেরামতি শেষ হয়েছে শনিবার সন্ধ্যায়। ট্রায়াল রানও করা হয়। সেই ট্রায়াল রান সফল হলেও আপ লাইনে চলল না ট্রেন। রেল দফতর জানিয়েছিল, শতাব্দী এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছেড়ে এসেছে সেটি ওই আপ লাইনে চলবে। অর্থাৎ আগে যেমন চলত। কিন্তু তা হল‌ না।

৩ সেপ্টেম্বরের রাতে ফরাক্কা এলাকায় টানা‌ ভারী বৃষ্টির ফলে নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী রেলপথের বাঁধ বরাবর মাটি বসে যায়। আপ ও ডাউন লাইনের মধ্যবর্তী বাঁধ দিয়ে জল চুঁইয়ে প্রবেশ করতে থাকে। এর পাশাপাশি আপ লাইনের পাশের একটি পুকুর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আপ লাইনের ট্র্যাক বসে যায়।