পৃথা দাশগুপ্ত, কলকাতা: এবার ইডির স্ক্যানারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। সোমবার সকালে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার পাশাপাশি দিল্লিতে তাঁর মেয়ে-জামাইয়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক একটি সংবাদপত্রের মালিক। আকবর-ই-মশরিক প্রাইভেট লিমিটেড নামে ওই সংবাদপত্রের দফতর। আজ সকালে তালাবন্ধ অফিসে হঠাৎ প্রচুর কেন্দ্রীয় বাহিনী জওয়ান সঙ্গে নিয়ে হানা দেয় ইডি আধিকারিকরা। অফিসের ভিতরে ঢুকে সমস্ত নথিপত্র পরীক্ষা করা হয়।
ইডির অভিযোগ, কলকাতায় নাদিমুল হকের যে সংবাদপত্রের অফিস রয়েছে, তার আড়ালে বেআইনি লেনদেন হয়েছে । শুধু তাই নয় এই বেআইনি লেনদেনের মধ্যে তৃণমূল কংগ্রেসের টাকাও রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নাদিমুল হকের অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। কাদের সঙ্গে এই অর্থ লেনদেন, তার বৈধ নথি আছে কিনা, সব কিছুর উত্তর খুঁজতে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অফিসটি ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
কলকাতার পাশাপাশি দিল্লিতেও নাদিমুল হকের বাড়ি ও অফিসে চলছে ইডির তল্লাশি। দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদের একটি অফিস রয়েছে, যা মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়। দিল্লিতে কালীঘাট শিবিরের যাবতীয় কাজকর্ম হয় তাঁর এই দপ্তর থেকে। সেখানেও আজ সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। এছাড়া সাংসদের বাংলোতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, বেনামে প্রচুর আর্থিক লেনদেন হয়েছে নাদিমুলের দপ্তর থেকে। সেই সমস্ত কিছুর উৎস জানতেই ইডির এই তৎপরতা।