বহুতল বিপর্যয়ে তোপ রাহুল গান্ধীর

26

নিউজ ডেস্ক: দিল্লির বহুতল বিপর্যয়ে আরও একবার কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রতিবারই বিজেপি সরকার সেই একই লজ্জাজনক ধারা অনুসরণ কর। সেটা হল, দুর্ঘটনা ঘটার আগে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না, বরং ঘটনার পর কেবল লোক দেখানো তৎপরতা চলে, দায় চাপানো হয় নিচুস্তরের কিছু কর্মকর্তার ওপর, অথচ প্রকৃত দোষীরা জবাবদিহির আওতার বাইরেই থেকে যায়।
রবিবার দিল্লিতে সত্য নিকেতন নামে একটি পাঁচলার পিজি হোস্টেল ভেঙে পড়লে সাত জনের মৃত্যু ঘটে। বেশ কয়েকজন গুরুতর আহত। সোমবার দিল্লি পুরনিগমের পাঁচ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আবাসনের মালিককেও গ্রেফতার করা হয়েছে।
রাহুল গান্ধী বলেছেন, সত্য নিকেতনে শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত ভবনটির ধসে পড়া কোনও বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা নয়। গত চার মাসে সাইদুলাজাবে অনুরূপ এক বিপর্যয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং হাউজ রানিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২২ জন। প্রতিবারই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় মানুষের জীবন, স্বপ্ন ও আকাঙ্ক্ষা, আর প্রতিবারই কোনও কার্যকর পদক্ষেপের দেখা মেলে না।
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠুকে রাহুল বলেছেন, অথচ যখনই আপনি জবাবদিহি দাবি করেন, খোদ প্রধানমন্ত্রী আপনাকে ‘মগজ ধোলাই হওয়া নকশাল’ বা ‘খিটখিটে কাকা’-র মতো অপমানজনক তকমা দিয়ে থাকেন, যার উদ্দেশ্য হল প্রশ্ন তোলার সাহস দেখানো যে কাউকে লজ্জিত ও হেয় প্রতিপন্ন করা এবং তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া।
গত ১২ বছর ধরে এই সরকার বিশ্বমঞ্চ নিয়ে বড় বড় বুলি আওড়ে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, কিন্তু কখনোই প্রকৃত সমস্যাগুলোর সমাধান করেনি। দিল্লিতে তো এখন ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার চলছে, তাহলে বর্তমান এই অসহায় অবস্থার অজুহাত কী? প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।
এই অসহায়ত্বের মূল কারণ হল সদিচ্ছার অভাব—কারণ যেখানে সদিচ্ছা থাকে না, সেখানে জবাবদিহিতাও থাকে না, মন্তব্য রাহুল গান্ধীর।