ছুরি হাতে মমতাকে তাড়া সিভিকের! কালীঘাটে পুজো উদ্বোধনে গিয়ে বিড়ম্বনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী

27

পৃথা দাশগুপ্ত: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়া কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধন করতে গিয়ে পড়লেন এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে। অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ার মহিলা আচমকাই ছুরি নিয়ে তাঁর দিকে তেড়ে আসেন । এমনকী তাঁকে গালিগালাজ করার অভিযোগ‌ও ওঠে। কালীঘাট থানায় ইমেল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যৌথ সাধারণ সম্পাদক দোলা সেন। আটক করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে।

রাজ্যে পালাবদল। তাই মহালয়া থেকে পুজো উদ্বোধনের ব্যস্ততা নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বরং মহালয়ায় দিল্লির আন্দোলনে ব্যস্ত থাকার পর মঙ্গলবার, তৃতীয়ার সন্ধ্যায় নিজের ঘরের পাশের ক্লাব কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন । আটপৌরে শাড়ি পরে ফিতে কেটে যখন তিনি উদ্বোধন করতে যান, তখনই শুরু হয় উত্তেজনা। ‌বাড়ির সামনে তাঁর উপর হামলা চালান তরুণীৎ বলে অভিযোগ। তাঁর শাড়ি ধরে টান মারেন বলেও অভিযোগ।

ঘটনার পরেই কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন দোলা সেন। তিনি জানান, এক তরুণী আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসেন। সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচিত ওই তরুণী । তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ করা হয়। ‌অভিযোগ, ওই মহিলার হাতে একটি ছুরি ছিল এবং তিনি নিজেকে মমতার ভাইঝি বলে পরিচয় দিচ্ছিলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই তরুণী অত্যন্ত অশালীন আচরণ করেন এবং গালাগাল করছিলেন।‌

পুলিশের সূত্রে খবর, তরুণীর নাম অনুসূয়া সাহা। নিউ আলিপুরের বাসিন্দা। পেশায় সিভিক ভলান্টিয়ার । ২০১১ সালে পশ্চিম বন্দর থানা থেকে কর্মজীবন শুরু। বছর খানেক ধরে বেপাত্তা ছিলেন।‌ কাজে যেতেন না। এরপর আচমকাই মঙ্গলবার রাতে এই ঘটনা।

মমতা বন্দ্যোপাধ্যায় জেড-প্লাস নিরাপত্তা পান। সেরকম একজন মানুষের এত কাছে কীভাবে একজন সশস্ত্র আক্রমণকারী পৌঁছে গেলেন প্রশ্ন উঠছে।

কিন্তু কেন এই হামলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ নাকি পরিকল্পনামাফিক তাঁকে কেউ পাঠিয়েছিল, তা এখন তদন্ত সাপেক্ষ।‌