উত্তর-পূর্বের প্রথম ভিসা কেন্দ্র গুয়াহাটিতে

11

নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের প্রথম ভিসা কেন্দ্র চালু হল গুয়াহাটিতে। বৃহস্পতিবার গুয়াহাটিতে ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ভিসা কেন্দ্রের ফলে গুয়াহাটি থেকে ১৪টি দেশে যাওয়ার ভিসার জন্য আবেদন করা যাবে।
বিভিন্ন দেশের সরকার ও কূটনৈতিক মিশনের হয়ে ভিসা আবেদনের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ভিএফএস গ্লোবাল’ এই কেন্দ্রটি স্থাপন করেছে। এর ফলে বিদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের এখন আর দিল্লি-কলকাতায় যেতে হবে না।
এই ভিসা কেন্দ্রে অস্ট্রিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লাটভিয়া, মাল্টা, মরক্কো, সুইজারল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের ভিসা আবেদন করা দেওয়া যাবে।
পর্যটন, শিক্ষা, ব্যবসা বা অন্যান্য প্রয়োজনে যাঁরা বিদেশ ভ্রমণ করতে চান, তাদের জন্য এই কেন্দ্রটি সহায়ক হবে। এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজলভ্য হয়ে উঠবে।
অসমের পর্যটন মন্ত্রী অজন্তা নেওগ, পরিবহণ মন্ত্রী চরণ বড়ো এবং দক্ষিণ এশিয়ায় ভিএফএস গ্লোবাল-এর চিফ এগজিকিউটিভ ইউসমি তালওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইতালি ও ফ্রান্সের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুয়াহাটির ভূমিকার পরিপ্রেক্ষিতে, এই কেন্দ্রটি চালু হওয়ার ফলে আন্তর্জাতিক ভ্রমণ-সংক্রান্ত পরিষেবার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গুয়াহাটির অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
তবে, এই কেন্দ্রটি কেবল ভিসা আবেদনের প্রক্রিয়াটিকে সহজতর করবে, ভিসা মঞ্জুর করা বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশ এবং তাদের অনুমোদিত কর্তৃপক্ষের হাতেই থাকবে।
অ্যাপয়েন্টমেন্ট, প্রয়োজনীয় নথিপত্র এবং পরিষেবা মাশুল সংক্রান্ত তথ্য ভিএফএস গ্লোবাল-এর অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমে জানা যাবে।