তেরঙা ওড়াও কর্মসূচির আগে দীপকের বাড়িতে পুলিশ

24

নিউজ ডেস্ক: দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙা ওড়াও কর্মসূচি শুরু হওয়ার আগে অভিজিৎ দীপকের বাড়িতে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, কনট প্লেসে ‘লেহরা দো তেরঙা’ মিছিলের আগে তাঁকে আটক করা হতে পারে। শুক্রবার বিকেলে, দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের আবাসস্থলে পৌঁছে তাঁকে একটি নোটিস ধরিয়ে দেন। নোটিসে তাঁকে মিছিলে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, এক ডজন পুলিশ দীপকের বাসভবনে পৌঁছয়। মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত একটি সাদা টি-শার্ট পরা দীপককে বসে থাকতে দেখা যায়। তাঁর কাঁধে জড়ানো ছিল ভারতের জাতীয় পতাকা, যা এক ধরনের নীরব প্রতিবাদ হিসেবে গণ্য হচ্ছে। তার পাশেই বসে ছিলেন একজন পুলিশ কর্তা।

কেন দীপকের বাসভবনে পুলিশ এল?
পুলিশকে উদ্দেশ করে দীপককে বলতে শোনা যায়, আপনারা যা খুশি তাই লিখে দিচ্ছেন। এটা হাস্যকর! বরং আমাকে ফাঁসিতেই ঝুলিয়ে দিন না। এসব কী ধরনের মশকরা? তিনি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমি যে হিংস্রতার কথা বলেছি, তার ভিডিয়ো দেখান।
তাঁকে পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করতে দেখা যায়, তিনি দাবি করেন যে, তিনি প্রতিবাদের ডাক দেননি। দীপকে বলেন, আমরা প্রতিবাদ করছি না। কোনও লাউডস্পিকারও থাকবে না। আমরা শুধু জাতীয় পতাকা উত্তোলন করব। এটাও কি নিষিদ্ধ?
দিল্লি পুলিশ আইনের ২৯ নম্বর ধারার অধীনে দীপককে নোটিস দিয়েছে। এই ধারার আওতায়, জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ জনসাধারণের জন্য বিভিন্ন নির্দেশ জারি করতে পারে।
তবে ২৯ নম্বর ধারায় এমন কোনও কথা বলা নেই যে, পুলিশ যে কোনও প্রতিবাদকে শর্তহীনভাবে নিষিদ্ধ করতে পারবে। নোটিসে উল্লেখ করা হয়েছে, কনট প্লেস এলাকায় বিক্ষোভ বা জনসমাবেশ করা আপনাদের জন্য নিষিদ্ধ।
এদিকে, দীপককে আটক করা হয়েছে নাকি তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে—এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনো কোনও বিবৃতি পাওয়া যায়নি।

সিজেপির তেরঙা ওড়াও ডাক
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিকেল ৫টায় জাতীয় পতাকা হাতে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন দীপকে।
এর আগে চলতি সপ্তাহে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করেছিলেন— যে জায়গাটিকে এখন আর প্রতিবাদের স্থান হিসেবে গণ্য করা হচ্ছে না।

মধ্য দিল্লি যেন দুর্গ
সিজেপির তেরঙা ওড়াও কর্মসূচির জেরে কনট প্লেস কার্যত একটি দুর্গে পরিণত হয়েছে। মোতায়েন ৬,০০০ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য।
পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল প্রতিবাদস্থল হিসেবে প্রস্তাবিত সেন্ট্রাল পার্কটিকে দুদিনের জন্য বন্ধ করে দিয়েছে।
সিজেপির কর্মসূচির জন্য কোনও অনুমতি দেওয়া না হলেও, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১১ জনের একটি নির্দিষ্ট দলকে উপযুক্ত কোনও স্থানে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।