অসমেও শুরু হচ্ছে এসএসআর

28

নিউজ ডেস্ক: অসম সহ ১৭টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসএসআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি।
এতে ভোটার হওয়ার যোগ্যতার নির্ণায়ক তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারিকে নির্ধারণ করা হয়েছে।
ভারতের নির্বাচন কমিশন ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের জন্য একটি ‘বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা’ বা স্পেশাল সামারি রিভিশন কর্মসূচি পরিচালনার নির্দেশ দিয়েছে।
যেসব রাজ্যে এসএসআর হবে তার মধ্যে রয়েছে অসম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, কেরলম, তামিলনাড়ু ও রাজস্থান— এই রাজ্যগুলো এবং পুদুচেরি, লক্ষদ্বীপ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ—এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। যেসব রাজ্যে আগামী বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেসব রাজ্যেই এসএসআর প্রক্রিয়া চালানো হচ্ছে।
মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো এক নির্দেশে কমিশন জানিয়েছে যে, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০’ (জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০)-এর ২১ নম্বর ধারার অধীনে এই প্রক্রিয়া চলবে।
এর আগে, ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিশেষ প্রচার কর্মসূচির নির্দেশ দিয়েছিল, যার লক্ষ্য ছিল ভোটার তালিকায় নাম বাদ পড়া যোগ্য ব্যক্তিদের— বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের— তালিকাভুক্ত করা।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলোকে পুনর্গঠন করা হবে এবং ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
যোগ্য ভোটার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে দাবি বা আপত্তি জানাতে পারবেন। এই দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২৮ ডিসেম্বর।
যেসব রাজ্যে এসএসআর চলবে সেখানে বিধানসভা নির্বাচনের আগে ২০২৭ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
এ ছাড়া, কমিশন ইআরওদের নির্দেশ দিয়েছে যে, যেসব ব্যক্তি ২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর— এই তিনটি তারিখে ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাঁদের যেন আগেভাগেই আবেদনের সুযোগ দেওয়া হয়।