শিশু সহ সবার ইন্টারনেট ব্যবহারের অধিকার আছে: সুপ্রিম কোর্ট

18

নিউজ ডেস্ক: শিশু সহ সব নাগরিকের অধিকার আছে ইন্টারনেট ব্যবহার করার। জেন জি আন্দোলনে দিশেহারা হয়ে কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছিল যে ইন্টারনেট ব্যবহারে বয়সের নিষেধাজ্ঞা আরোপ করা দরকার।
সেবিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদের অধীনে ইন্টারনেট ব্যবহারের অধিকার একটি মৌলিক অধিকার। আদালত বলেছে, শিশু সহ প্রত্যেক ব্যক্তিরই এই অধিকার রয়েছে, শিশুদের ক্ষেত্রে এই অধিকার পুরোপুরি অস্বীকার করাটা হবে অযৌক্তিক।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, আমরা নিঃসংকোচে বলতে পারি যে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদের আলোকে ইন্টারনেট ব্যবহারের অধিকার প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। আমাদের শিশুরা, তাদের বয়স যা-ই হোক না কেন, সমান অধিকার ভোগ করে। এই অধিকার পুরোপুরি অস্বীকার করাটা ঠিক ততটাই অযৌক্তিক, যতটা এটা বলা যে একটি নির্দিষ্ট বয়সের নীচের শিশুদের কোনও বিবেক নেই যা রক্ষা করা প্রয়োজন, অথবা তাদের কোনো বাকস্বাধীনতা নেই যা প্রকাশের যোগ্য। শিশুদের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতা একে অপরের পরিপন্থী নয়, বরং শিশুরা এই উভয় অধিকারেরই অধিকারী।
আদালত উল্লেখ করেছে যে, ১৯(১)(ক) অনুচ্ছেদের অধীনে বাক ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে তথ্য জানার অধিকার এবং তথ্য ও ধারণা গ্রহণ ও প্রচার করার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। ইন্টারনেটকে ধারণা, সৃজনশীল প্রকাশ এবং তথ্যের একটি উন্মুক্ত ক্ষেত্র হিসেবে বর্ণনা করে আদালত বলেছে, ইন্টারনেটের গুরুত্ব শুধু তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রাপ্তবয়স্ক ও শিশু, উভয়ের জন্যই এটি যে সুযোগ তৈরি করে দেয়, তার মধ্যেও এর তাৎপর্য নিহিত। আদালতের পর্যবেক্ষণ, অনেক শিশুর জন্য, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, ইন্টারনেটই প্রায়শই শেখা ও তথ্য পাওয়ার একমাত্র উৎস।
আদালতের মতে, শিশুদের ইন্টারনেট ব্যবহারের ওপর ঢালাও নিষেধাজ্ঞা কোনও সমাধান নয়। তবে আদালত বলেছে, ক্ষতিকারক বিষয়বস্তু শনাক্ত ও অপসারণের ক্ষেত্রে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে শিশুদের ইন্টারনেট থেকে দূরে রাখাটা হবে অনেকটা এমন— যেন সমস্যার জন্য ভুক্তভোগীকেই দায়ী করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট বলেছে যে, শিশুদের ইন্টারনেট ব্যবহারের ওপর যে ঢালাও বিধিনিষেধ হল এমন এক পদক্ষেপ, যার কার্যকারিতা প্রমাণিত নয়, বরং এটি যে অসামঞ্জস্যপূর্ণ তা স্পষ্ট।