পৃথা দাশগুপ্ত,কলকাতা:আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই অর্ণব আসছে। বাংলাতে বৃষ্টি হবে জানিয়েছিল হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই শুরু হয়েছে বৃষ্টি। উপকূল এলাকায় প্রভাব পড়তে শুরু করেছে অর্ণব-এর। সুন্দরবনের কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। সুন্দরবনের সাধারণ মানুষ ভীত।
পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুরে শুরু বৃষ্টি। খড়্গপুরে গাছ পড়েছে। বিদ্যুৎহীন দাঁতন। সমুদ্রে না নামার জন্য দিঘায় চলছে মাইকিং।
ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষভাবে পড়বে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতার বিস্তীর্ণ এলাকায়।
মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা জারি। পাশাপাশি পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা, হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে উত্তর ২৪ পরগনাতেও।
মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে। জলোচ্ছ্বাস হলে নদীতে বাঁধা নৌকা ডুবে যায়,ভেঙে তলিয়ে যায়। পাশাপাশি সাইক্লোনের দাপটের জন্য আতঙ্কে সুন্দরবনের মানুষজন। আয়লা থেকে আমফান, বুলবুল থেকে ইয়াস। প্রত্যেকবারই ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছে তাঁদের জীবন। সব মিলিয়ে প্রশাসন সতর্ক।