নিউজ ডেস্ক: ফের বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গুজরাটের বানাসকাঁঠায় এক সভায় প্রধানমন্ত্রী নাম না করে বিরোধীদের নিশানা করেছেন। তিনি বলেছেন, আজ ভারতের প্রতিটি তরুণ-তরুণী, বোন ও কন্যা ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষের তা পছন্দ নয়। এরা এমন এক গোষ্ঠী, যারা দেশকে সংকটের মুখে দেখতে চায়। দেশকে বিপদে পড়তে দেখলে তারা আনন্দ পায়। যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার কারণে পুরো জাতি অনিশ্চয়তার মুখোমুখি, তখন তারা সার ও গ্যাসের ঘাটতি নিয়ে গুজব ছড়াচ্ছে। মোদিকে হেয় করার উদ্দেশ্যেই তারা এমনটা করছে। আমি কৃষক সহ সকলকে মনে করিয়ে দিতে চাই যে, আমি কথা দিয়েছিলাম, আমি আপনাদের পাশে থাকব। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে, কিন্তু বিশ্বজুড়ে সারের দাম বাড়লেও আমাদের সরকার সেই বাড়তি খরচের বোঝা কৃষকদের ওপর পড়তে দেয়নি।
সভা শুরুর আগে দেখা যায় প্রধানমন্ত্রী কিছু মহিলার মাঝে দাঁড়িয়ে আছেন আর মাইকে বাজছে মোদী, মহিলারা বলছেন, মোদী কোথাও যাবেন না। সম্প্রতি বিহারে এক সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, মোদী তো যাবেনই, তাঁর বাবাও যাবেন। মোদীর অনুষ্ঠানের এই অংশটুকু খাড়গের মন্ত্যবের জবাব বলেই মনে করা হচ্ছে।