বেহালা কাণ্ডে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

25

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বেহালায় প্রেমিক এবং তাঁর বাবাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগে ধৃত ৩। পুনর্নির্মাণের সময় তাঁদেরও কোমরে দড়ি বেঁধে হাঁটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার কাছ থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলেই দাবি জাতীয় মানবাধিকার কমিশনের। আগামী ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, কেন অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে পাড়া ঘোরানো হল? এই সমস্ত কিছু জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

কোজাগরী লক্ষ্মীপুজোর সন্ধ‌্যায় সরশুনার ক্ষুদিরামপল্লির খালপাড়ের কাছে নাবালিকাকে শ্লীলতাহানির অপরাধে ওই তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে পাড়ার রাস্তায় নগ্ন করে ঘোরানো হয় বলে অভিযোগ। যা নিয়ে বিতর্কের ঝড়। ওই অভিযোগের ভিত্তিতে তিনজন গ্রেপ্তার হয়।

সিপি-কে নোটিসে জানানো হয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সরশুনার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। ঘটনা যদি সঠিক হয়, তবে কোন আইনে অভিযুক্তদের সঙ্গে এই আচরণ করা হল, জানতে চেয়েছে কমিশন। তাদের বক্তব্য, পুলিশ যদি সত্যিই এই কাজ করে থাকে, তবে তা মানবাধিকারের ঘোরতর বিরোধী। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে।