নিউজ ডেস্ক: তোড়জোড় করা হয়েছিল খুবই, কিন্তু অবিশ্রান্ত বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের জ্ঞানেশকুমারকে ইমপিচমেন্টের আয়োজন। রাহুল গান্ধী বলেছেন, সকাল থেকেই দিল্লিতে বৃষ্টি হচ্ছে, অনেকেই বৃষ্টিতে আটকে পড়েছেন। একই অনুষ্ঠান, একই সময়ে হবে শনিবার, বিকেল সাড়ে তিনটেয়।
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে মক পার্লামেন্ট আয়োজনের কথা। তবে ‘মক পার্লামেন্ট’ (নকল সংসদ) নাম বদলানো হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘পিপলস ইমপিচমেন্ট’’ (জন অবিশ্বাস)। ওই কর্মসূচিতে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার স্পিকারের ভূমিকা পালন করলেও, আর কেউ কোনও পদাধিকারীর ভূমিকা পালন করবেন না।
বিরোধীদের কর্মসূচিতে সরকার পক্ষের প্রতীকী উপস্থিতিও থাকছে না। বিরোধী দলগুলির বিরুদ্ধে যাতে সংসদ অমর্যাদার অভিযোগ না ওঠে, সেই কারণেই এই বদল আনা হয়েছে বলে সূত্রের খবর। লোকসভার প্রাক্তন স্পিকার মীরাকমার ‘ভোটচুরি’ এবং এসআইআর অনিয়মে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাঠ করবেন। এরপর বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা জ্ঞানেশ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তৃতা করবেন। জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপন করবেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সহ সমাজবাদী পার্টি, মমতা তৃণমূল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সহ অন্তত ২০টি বিরোধী দল কর্মসূচিতে অংশ নেবেন। বিরোধী জোটের এই ‘জ্ঞানেশ-অপসারণ’ কর্মসূচির শেষ বক্তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী।
Prev Post