মধ্যরাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র, বিধ্বস্ত অন্ধ্র উপকূল

26

পৃথা দাশগুপ্ত: ঘূর্ণিঝড় মুরাসুর দাপট। বিধ্বস্ত অন্ধ্রর উপকূলবর্তী এলাকা। মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু। রাত ১টা থেকে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়। সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টার মধ্যে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকায়, প্রকাশম জেলার ওঙ্গোলের কাছে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তামিলনাড়ুর উত্তর অংশেও ভালো প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় মুরাসুর। তবে বাংলায় এর কোন প্রভাব নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উত্তর তামিলনাড়ু ও পুদুচেরিতেও চলছে বৃষ্টি। অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলেতে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রভাব।

আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ একাধিক এলাকায়। তবে, আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে গোটা রাজ্যেই।