জনতা-পুলিশ সংঘর্ষে ত্রিপুরায় গ্রেফতার ৮

29

নিউজ ডেস্ক: ত্রিপুরার বক্সানগরে বিএসএফ জওয়ানদের সঙ্গে জনতার সংঘর্ষের পর ৮ জনকে গ্রেফতার করেছ পুলিশ। এফআইআরে নাম রয়েছে ১৯ জনের। ত্রিপুরার সিপাহিজলা জেলার বক্সানগরের আশাবাড়ির ঘটনা।
সমাজমাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন যে যারা এই ঘটনার সঙ্গেজড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
সোমবার আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে বিএসএফ জওয়ান ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। চোরাচালান সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আশাবাড়ি বর্ডার আউটপোস্টের, যা ৪৯তম ব্যাটেলিয়নের অধীন, বিএসএফ জওয়ানদের সঙ্গে গ্রামবাসীদের কথা কাটাকাটি শুরু হয়।
তর্কবিতর্কের সময় এক বিএসএফ জওয়ান হেফজুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ, যা গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
এই ঘটনার পর উত্তেজিত বাসিন্দারা বক্সানগর-রহিমপুর সড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়।
অভিযোগ যে, রহিমপুর বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রোহিত কুমার এবং অন্যান্য বিএসএফ জওয়ানের ওপর জনতা হামলা চালায়। এমনকি তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলে অতিরিক্ত বিএসএফ জওয়ানরা পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এই ঘটনায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রোহিত কুমার সহ আরও তিনজন আহত হন। পুলিশ সূত্র জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।