নিউজ ডেস্ক: মণিপুরের কংগ্রেস সাংসদ অংগোমচা বিমোল অকোইজাম স্বস্তি পেলেন আদালতে। যৌন হেনস্থার অভিযোগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অকোইজামকে চাকরি থেকে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেএনইউ কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল দিল্লির আদালত। অকোইজামের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে। বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রী বিমন অকোইজামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। সেই ঘটনায় দিল্লি পুলিশ এফআইআর করেছে অকোইজামের বিরুদ্ধে। আগাম জামিনের জন্য আদালতে আবেদন করেছেন মণিপুরের কংগ্রেস সাংসদ।
অকোইজাম জেএনইউ-এর সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল সিস্টেমস-এর অধ্যাপক। তাঁকে বরখাস্ত করে জেএনইউ কর্তৃপক্ষ বিবৃতি দিয়েছিল যে, চাকরির প্রযোজ্য বিধি অনুযায়ী অভিযুক্ত অধ্যাপকের কঠিন শাস্তির সুপারিশ করেছে কমিটি। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে, সব তথ্য খতিয়ে দেখে এবং ইন্টারন্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতে অধ্যাপক অংগোমচা বিমোল অকোইজামকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হল।
মণিপুর (ইনার) লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ অকোইজামের দাবি ছিল, তিনি শাসক শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বরখাস্তের নির্দেশ এবং জেএনইউ ক্যাম্পাসে তাঁর সরকারি বাসভবন থেকে তাঁকে উচ্ছেদের সিদ্ধান্তকে দিল্লি হাই কোর্টে চ্যালেঞ্জ জানান কংগ্রেস সাংসদ। এবার বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট।
Prev Post
Next Post