নিউজ ডেস্ক: ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হবে ২৯ নভেম্বর। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুকরা অনলাইনে আবেদন করতে পারবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ড. ভূপেন হাজরিকা জন্মশতবর্ষ উদযাপন পোর্টাল উদ্বোধন করে হিমন্ত জানান, ২৮ নভেম্বর পর্যন্ত নামভুক্তির সুযোগ থাকবে এবং আবেদনকারীরা ১২ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন পাস ডাউনলোড করতে পারবে।
ভারত সরকার ও অসম সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অনুষ্ঠানে প্রখ্যাত সংগীতশিল্পী উষা মঙ্গেশকরকে ভূপেন হাজরিকা পুরস্কারে ভূষিত করা হবে।
এই অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, অঙ্গরাগ মহন্ত, কবিতা কৃষ্ণমূর্তি, এল সুব্রহ্মণ্যম এবং মহালক্ষ্মী আয়ার সহ বেশ কয়েকজন প্রখ্যাত শিল্পী পারফরম্যান্স করবেন।
এ ছাড়া অসমে বিশিষ্ট শিল্পীদের মধ্যে তরালি শর্মা, মৌসুমি শহরিয়া, আনন্দিতা পাল, জুবলি বড়ুয়া, নাহিদ আফরিন, শঙ্কররাজ কোঁয়র, রূপম ভূঁইয়া, দীক্ষু শর্মা, দাওয়ার হাজরিকা, ময়ূর হাজরিকা এবং আশ্চর্য বরপাত্রের অংশগ্রহণের কথা রয়েছে।
অন্য একটি বড় উদ্যোগের অংশ হিসেবে, অসম সরকার রাজ্য থেকে প্রায় ১,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ করে দেবে। অসমের বিভিন্ন কলেজ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী শিক্ষার্থীদের বাছাই করা হবে, যারা নয়াদিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবে।
আগামী ২৯ নভেম্বরের এই অনুষ্ঠানটি ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি পর্ব হিসেবে গণ্য হবে; যার মাধ্যমে সংগীত, সংস্কৃতি ও সমাজে তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধা জানানো হবে।