নিউজ ডেস্ক: ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ট্যাঙ্ক ফার্মে বিস্ফোরণে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। কারখানায় কর্মীরা একটি ভালভ চালু করার সময় এই ঘটনাটি ঘটে। ট্যাঙ্ক ফার্মের অপরিশোধিত তেল সংরক্ষণের অংশে বিস্ফোরণটি ঘটে, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
অয়েল ইন্ডিয়া লিমিটেডের বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে কারখানায় রক্ষণাবেক্ষণ কাজের সময় এই অগ্নিকাণ্ড ঘটে। সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে একজন মারা গেছেন এবং অন্য ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানায় কর্মীরা একটি ভালভ চালু করার সময় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, ট্যাঙ্ক ফার্মের অপরিশোধিত তেল সংরক্ষণের অংশে বিস্ফোরণটি ঘটে, যা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আহত অন্তত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ডিব্রুগড়ের মিলন নগরের তাপস গগৈ (৪০) এবং টেঙাঘাতের বাসিন্দা শৈলেন গগৈ (৪৫), কুমুদ গগৈ (৩৮), গোলাপ দত্ত (৫৮) ও ইন্দ্র গগৈ (৪০)।
আহত কর্মীরা মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পেকট্রন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড’-এর কর্মচারী বলে জানা গেছে। এই কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে কাজ করছিল।
এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অয়েল ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, তাদের অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।