অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে নিহত ৪,আটক প্রাক্তন মন্ত্রী, আগুনে ঝলসে মৃত ১

41

নিউজ ডেস্ক: ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে বাংলাদেশে অশান্তি, বিক্ষোভ, হিংসা। টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঢাকার বারিধারা এলাকা থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরুকে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্তি বাড়ছে বাংলাদেশে। এর সঙ্গে চলছে পোশাক-শ্রমিকদের বিক্ষোভ। উভয় ক্ষেত্রেই আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে দাবি প্রশাসনের। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগে জেরবার জনতা। বিভিন্ন জায়গায় বাসে, পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। এক জনের পুড়ে মৃত্যুর খবরও এসেছে।
উত্তপ্ত আওয়ামী লীগ প্রভাবিত টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের তুমুল সংঘর্ষ হয়েছে গোপালগঞ্জে। বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় টুঙ্গিপাড়া থানায়।
ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন কন্ডাক্টর। বাসের মধ্যেই পুড়ে মারা যান তিনি।
অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন বাংলাদেশের পোশাক-শ্রমিকরা। গাজিপুরে পোশাক-শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে গাজিপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এইসঙ্গে আরও ৩৯টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে।
পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। দফায় দফায় চেষ্টার পরেও বিক্ষোভকারীদের সরাতে না পারলে শেষে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
বাংলাদেশে বিক্ষোভের আগুন ছড়িয়েছে অন্তত ১৮ জেলায়। বুধবার গভীর রাতে আগুন লাগানো হয় পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক ভিটেতে! বিএনপির সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয়।
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার মহম্মদ ইউনূসের তিনতলা ভবনের নীচতলায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। টহলরত পুলিশকর্মীরা আগুন নেভায়। হামলাকারীদের কাউকে ধরা যায়নি।
উত্তেজনা ছড়ায় ঢাকার তেজগাঁও, সাভার, আশুলিয়াতেও। ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ জমানার মন্ত্রী নজরুল ইসলাম হিরু। ঢাকা, গোপালগঞ্জ, নড়াইল ও চট্টগ্রামের পাশাপাশি নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজিপুর, বরিশাল, নওগাঁ থেকে অশান্তির খবর এসেছে।
আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশো নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা সড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ দেখায়।
বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে তারা অস্ত্র নিয়ে সড়কে বিক্ষোভ করে। সড়কের যেসব জায়গায় গাছ ফেলে অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের দেখা গেছে।
দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায়। পিকেটার ছাড়া সড়কে সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।
গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ঢাকা-খুলনা সড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশপথে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
ঢাকা-খুলনা সড়কের গোপালগঞ্জ অংশে গতকাল বুধবার রাত থেকে দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে আছে।
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, সড়কের যেখানে মিছিল হয়েছে সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। মিছিলকারীদের সবার হেলমেট পরা ছিল। মিছিল শেষে তারা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়। পরে তারা সেখান থেকে চলে যায়।