সোমবার‌ও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, শীত কবে?

39

পৃথা দাশগুপ্ত,কলকাতা:দুর্যোগের কালো মেঘ কাটছে না রাজ্য এখন‌ই। ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টির দাপট কিছুটা কমবে দক্ষিণ বঙ্গে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই উত্তুরে হাওয়ার প্রবেশ করার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সারাদিন আকাশ মেঘলাই থাকবে। সোমবার দুপুরের পর থেকে শহরের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ২২.৮ ডিগ্রি সেলসিয়া

আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে মুর্শিদাবাদে দুপুরের পর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বিকেলের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমবে।‌ আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমার সম্ভাবনা ।‌

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে সেখানেও আবহাওয়ার উন্নতি ঘটবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে।