পৃথা দাশগুপ্ত: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জেলে গিয়ে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেরা করল সিবিআই। কারা চাকরিপ্রার্থীদের নাম পাঠিয়েছিলেন, কারা সুপারিশ করেছিলেন সেই সূত্র ধরে নিয়োগ কীভাবে হয়েছিল, তা জানতেই প্রাক্তন দমকলমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন তদন্তকারীরা । গোয়েন্দাদের নজরে মূলত পুর নিয়োগের পিছনে থাকা সুপারিশ।
আদালতের বিশেষ অনুমতি নিয়েই আজ প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই । প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে ইডি-ও। বিধানসভা নির্বাচনের পর সুজিতকে গত ১১ মে গ্রেফতার করেছিল ইডি। এর আগে এই সংক্রান্ত মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে। কিন্তু তাতে সুজিত বসুর নাম ছিল না। পরে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি চায় সিবিআই। আদালত অনুমতি দেওয়ার পর আজ কেন্দ্রীয় গোয়েন্দারা প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন।
অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনি ভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা। দুর্নীতির টাকা খাটাতেন বিভিন্ন ব্যবসায়িক সংস্থায়। পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই একাধিক পুরসভার বর্তমান ও প্রাক্তন আধিকারিক, কাউন্সিলর এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা । দক্ষিণ দমদম পুরসভা-সহ একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও তথ্য খতিয়ে দেখেছেন তাঁরা । তদন্তকারীদের হাতে আসা বিভিন্ন নিয়োগ তালিকা এবং ডিজিটাল নথিতে একাধিক সুপারিশের সূত্র মিলেছে বলে খবর । সেই সূত্রগুলির সত্যতা যাচাইয়ের জন্যই আজ এই জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর।