পৃথা দাশগুপ্ত,কলকাতা:গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। সংকটজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। সূত্রের খবর, শরীরে বিষক্রিয়া রয়েছে তাঁর। তবে এই বিষয়ে অফিশিয়াল কোন তথ্য এখনো পাওয়া যায়নি।
শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কোনও জ্ঞান নেই বিধায়কের। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। মস্তিষ্কেও প্রভাব পড়েছে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পাঁচ দিন আগেই একটি বৈঠকে যোগ দেন তিনি। তারপরই শনিবার রাতে তাঁর শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, রেখা পাত্র বিধায়ক হওয়ার পর সন্দেশখালিতে তাঁর পারিবারিক জমি দিয়ে বিবাদ খবরের আসে। এক পুলিশকর্মীকে চড় মারারও অভিযোগ ওঠে রেখা পাত্রের বিরুদ্ধে। পরে অবশ্য তিনি ক্ষমা চান।
প্রাথমিকভাবে খবর, বিধায়কের শরীরে বিষক্রিয়া রয়েছে। দ্রুত শরীরে অক্সিজেনের মাত্রা কমছে। তবে সেটা কি কারণে হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি।