মোথাবাড়ি কাণ্ডে NIA দফতরে বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী

4

পৃথা দাশগুপ্ত: মোথাবাড়ি কাণ্ডে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে হাজিরার নির্দেশ দিয়েছিল NIA। সোমবার সকাল ১১ টায় এনআইএ-র দফতরে পৌঁছন সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী। এসআইআর পর্ব চলাকালীন গত ১ এপ্রিল উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখা হয়, নাম বাদ দেওয়ার অভিযোগে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ।

ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলার মধ্যে দু’টি মামলায় একটি মামলা ২২ জনের বিরুদ্ধে। আর একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে ধৃতদের বিরুদ্ধে । এর মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দান-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযুক্ত হিসেবে ২৩ জনকে দেখানো হয়েছে চার্জশিটে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকার জন্য কলকাতায় ছিলেন সাবিনা। তাই এনআইএ অফিসে হাজিরা দিতে পারেননি তিনি। এক মাসের মধ্যে ফের হাজিরা দিলেন।‌ এনআইএ অফিসে ঢোকার আগে সাবিনা ইয়াসমিন জানান, সেদিন ঘটনাস্থলে তাঁর স্বামী ছিলেন না। তবে নির্বাচনের জন্য তাঁকে অনেক জায়গা ঘুরতে হয়েছিল । সেরকমই কোন এক অনুষ্ঠান থেকে ফেরার সময় অশান্তি দেখে তিনি থামাতে গিয়েছিলেন, দাবি সাবিনা ইয়াসমিনের। তবে কেন্দ্রীয় এজেন্সির তলবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও আজ জানিয়েছেন তিনি।