বাবাকে হত্যার সুযোগ করে দিতেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল’ রাহুল গান্ধীর বড় অভিযোগ

30

নিউজ ডেস্ক: ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর, তৎকালীন এয়ারলাইন পাইলট রাজীব গান্ধী আকস্মিকভাবেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
রাহুল গান্ধীর দাবি, সেই সময়েই কিছু সতর্কবার্তা পাওয়া গিয়েছিল। তিনি মা সোনিয়া গান্ধীকে বলেছিলেন যে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনa পদক্ষেপ না নিলে, খুব সম্ভবত তাঁকে তাঁর বাবা রাজীব গান্ধীর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ফিরে আসতে হবে। আর ঠিক সেটাই ঘটল। ১৯৯১ সালের মে মাসে রাহুল ভারতে ফিরে আসেন তাঁর বাবার শেষকৃত্যে অংশ নিতে। এর ঠিক কয়েক বছর আগেই, ১৯৮৪ সালে, রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধী তাঁরই দেহরক্ষীদের হাতে নিহত হয়েছিলেন।
সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কার সঙ্গে একটি নতুন ভিডিয়োতে, যেখানে তাঁরা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়ে আলোচনা করছিলেন, রাহুল দাবি করেন যে, বাবাকে হত্যার সুযোগ করে দেওয়ার জন্যই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল।
ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর, তৎকালীন এয়ারলাইন পাইলট রাজীব গান্ধী হঠাৎ করেই প্রধানমন্ত্রীর পদে আসীন হন। দীর্ঘ সময় ধরে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরতেন এবং কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকতেন, যার জন্য বিরোধীদের উপহাসের পাত্রও হতে হয়েছিল তাঁকে। এরপর আসে ১৯৮৯ সালের নির্বাচন, যে নির্বাচনে রাজীব গান্ধী পরাজিত হন।
ভিপি সিং, যাঁর নেতৃত্বাধীন বিরোধী জোট নির্বাচনে জয়ী হয়েছিল, সেই সময়ে অভিযোগ করেছিলেন যে, কমান্ডো বাহিনীর সুরক্ষাবলয়ে থাকা রাজীব গান্ধী জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
১৯৯১ সালে বিহারের এক জনসভায় রাজীব নিজেও যেন পরোক্ষভাবে তা স্বীকার করে নিয়েছিলেন।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ৫ মে বিহারে রাজীব গান্ধী বলেছিলেন, ১৯৮৪ সালে যখন আমি কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম, তখন এভাবেই প্রচার চালাতাম। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর আমি যেন পুরো ব্যবস্থার হাতে বন্দি হয়ে পড়েছিলাম। অবশ্যই, এখনও ঝুঁকি রয়েছে, তা কমেনি। কিন্তু উপায় কী? হয় আপনি প্রচার চালাবেন, নয়তো নিজের নিরাপত্তার দিকে নজর দেবেন।
এরপর, ২১ মে রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে পৌঁছন।
সেখানে এক মহিলা চন্দন কাঠের মালা পরানোর জন্য কোমর থেকে ঝুঁকে পড়তেই এক শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়, যাতে প্রাক্তন এই প্রধানমন্ত্রী প্রাণ হারান। তখন তাঁর বয়স ছিল ৪৬ বছর।

রাহুলের কথা যেন ভবিষ্যদ্বাণী
শ্রীপেরামবুদুরের ঠিক আগেই রাহুল তাঁর বাবার সঙ্গে বিহার সফরে গিয়েছিলেন। সোনিয়া গান্ধীর বর্ণনা অনুযায়ী, সেটি ছিল এক ভয়ংকর সফর, যেখানে তাঁর স্বামীর দিকে পাথর ছোড়া হয়েছিল।
ভিডিয়োতে সেই ঘটনার স্মৃতিচারণে সোনিয়া গান্ধী বলেন, রাহুল ফিরে এসেছিল, আর ঠিক তখনই আমার স্বামী বিহার সফরে যাচ্ছিলেন। বিহার সফরের সময় রাজীবজি বিরোধী দলের নেতা ছিলেন। তাঁরা একটি খোলা জিপে ছিলেন, আর তাঁদের লক্ষ করে পাথর ছুড়ে মারা হচ্ছিল। যখন আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না, বিশেষ করে এমন কোনও রাজ্যে যান যেখানে বিজেপি বা বিরোধী দলের সরকার ক্ষমতায়, তখন যারা দায়িত্বে থাকে, তারা নিরাপত্তার বিষয়ে খুব একটা সতর্ক থাকে না। তারা হয়তো ভাবে, আচ্ছা, তিনি আসছেন তো ঠিক আছে, নিজেদের কাজ চালিয়ে যাও।
সোনিয়া গান্ধী বলেছেন, সরকার বিজেপির হোক বা বিরোধী দলের, তাতে কিছু যায় আসে না। তারা নিরাপত্তার বিষয়ে বিশেষ কোনও গুরুত্ব দেবে না। তাই সেই সফরটি ছিল অত্যন্ত ভয়াবহ। রাহুল পুরো সময়টা তার বাবার সঙ্গেই ছিল। সে নিজের চোখে দেখেছে কীভাবে তার বাবার দিকে পাথর ছোড়া হচ্ছে, আর তাকে লক্ষ করে চিৎকার-চেঁচামেচি করা হচ্ছে। বাড়ি ফিরে সে আমাকে বলল, মা, আমরা যদি বাবার নিরাপত্তার বিষয়ে কিছু না করি, তবে খুব শীঘ্রই আমাকে হয়তো তাঁর শেষকৃত্যে অংশ নিতে ফিরে আসতে হবে, বলেছেন সোনিয়া।
এরপর ক্যামেরার ফোকাস সরে যায় রাহুল গান্ধীর দিকে, যিনি তাঁর বাবার মতোই বর্তমানে লোকসভার বিরোধী দলীয় নেতা। তিনি বিহার সফরটিকে চূড়ান্ত ঘটনা হিসেবে অভিহিত করেন।
রাহুল গান্ধী বলেন, বিহার সফরটি ছিল চূড়ান্ত ঘটনা, আর আমি তো আগেই এটা বলে আসছিলাম। এবিষয়ে আমার অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট। বাবার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল যাতে তিনি নিহত হন। নিরাপত্তা তুলে নেওয়াটা কোনও দুর্ঘটনা ছিল না; বরং তাকে হত্যার উদ্দেশ্যেই তা করা হয়েছিল। তাঁর মৃত্যুর জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। কী ঘটছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। আমি আমার বাবাকেও একথা বলেছিলাম, মাকেও বলেছিলাম। এমনকি এনিয়ে বাবার সঙ্গে আমার তর্কও হয়েছিল।
প্রিয়াঙ্কা গান্ধী এরপর তুলে ধরেন যে, ঠাকুমার হত্যাকাণ্ডের পর সোনিয়া গান্ধী তাঁর বাবার নিরাপত্তা নিয়ে কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি প্রায়ই ঘুরে ঘুরে দেখতেন, কাঁটাতারের বেড়া ঠিকঠাক আছে কি না, কিংবা নিরাপত্তারক্ষীরা ঘুমিয়ে পড়েছে কি না।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমি এসব জানতাম, কারণ আমার ঘরটা ছিল বাড়ির সামনের দিকে। তিনি আরও জানান, বাবার পায়ের আওয়াজ না শোনা পর্যন্ত তিনি ঘুমোতে পারতেন না।
পুরো বিষয়টি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, বাবার মৃত্যু সম্পর্কে রাহুলের বিশ্লেষণ ছিল যৌক্তিক, আর অন্যদিকে তাঁর নিজের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আবেগপ্রসূত।