পৃথা দাশগুপ্ত: বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে উদ্ধার এক পুলিশকর্মীর দেহ। ব্যারাকের দোতলার একটি ঘরে থাকতেন তিনি। সেখান থেকেই তাঁর সহকর্মীরা আজ সকালে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই পুলিশকর্মী। কিন্তু কী কারণে এই ঘটনা তা তদন্ত সাপেক্ষ। পুলিশকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম সঞ্জয় হালদার। বয়স (৪০)। তিনি পুলিশের গাড়ি চালাতেন। পুলিশ আধিকারিকদের পাশাপাশি কখনো কখনো তিনি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন। কাজের চাপ নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সঞ্জয়ের ব্যবহৃত ফোনটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তাঁর ফোনে কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা।
গতকাল রাতে ব্যারাকেই ছিলেন তিনি। তাঁর অন্যান্য সহকর্মীরা রাতে বেরিয়ে যান। এরপর ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন সঞ্জয়। সকালে সহকর্মীরা দরজা ধাক্কাধাক্কি করেও সাড়া পাননি। এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় সঞ্জয়ের ঝুলন্ত দেহ । ময়নতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি।